
৩২ বছর সাজা ভোগ করার পর মুক্তি পেলেন ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া (৭৩)।
রোববার (১৮ জুন) বেলা পৌনে ১২টায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জল্লাদ শাহজাহান বেরিয়ে আসেন।
এ সময় জল্লাদ শাহজাহান বলেন, আমার একটি বোন ও ভাগ্নে আছে। কিন্তু জেলে আসার পর তাদের সাথে কখনও দেখা হয়নি। শুধু ফোনে কথা হয়েছে।
এখন কারাগার থেকে বের হয়ে কোথায় যাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আসলে জানি না কোথায় যাবো। যাদের সাথে এতদিন ভালো আচরণ করেছি বা ভালো সম্পর্ক ছিল তাদের সাথেই যেতে হবে।
কারা সূত্র জানায়, শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামী খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামী হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনকে জনের ফাঁসি দিয়েছেন।
১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলে রাখা হয় তাকে। শাহজাহান ভূঁইয়ার বাড়ি নরসিংদীর পলাশ থানার ইছামতী গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
এম জি