
‘আমি মুনাফিক মাকে খুন করেছি। দীর্ঘদিন আমাকে ধর্মের পথে চলতে বাধা দিয়েছেন আমার মুনাফিক মা। আমি একজন অমুসলিমকে খুন করেছি।’
নিজের মাকে খুনের পর পুলিশের কাছে আটক হয়ে এ সব কথাই বলেছেন জাহিদ মাঝি (২৫) নামের এক খুনি ছেলে।
বুধবার (২১ জুন) রাত ৮টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাহির কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সেলিম ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক। সেলিম-নার্গিস দম্পতির তিন ছেলে-মেয়ে। জাহিদ সবার ছোট। বুধবার বিকেলে বিয়ের দাওয়াত খেয়ে সেলিম-নার্গিস বাড়িতে আসেন। এ সময় স্ত্রী ও ছেলে জাহিদকে বাড়িতে রেখে সেলিম দোকানে চলে যান।
এদিকে সন্ধ্যার পর সেলিম ও শাহিন ঘরের দরজা বন্ধ দেখে ফাঁক দিয়ে নার্গিসকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে দা নিয়ে জাহিদ দাঁড়িয়ে ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সেলিম মাঝি বলেন, জাহিদের মাথায় সমস্যা রয়েছে। জাহিদ নিজের মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি ওর ফাঁসি চাই।
আটক জাহিদ মাঝি বলেন, আমি মুনাফিক মাকে খুন করেছি। দীর্ঘদিন আমাকে ধর্মের পথে চলতে বাধা দিয়েছেন আমার মুনাফিক মা। আমি একজন অমুসলিমকে খুন করেছি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছেলে মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। কি কারণে হত্যা করেছে তা এখন বলতে পারব না।
এম জি