
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জনগণ জানে গণতন্ত্র এখন শেখ হাসিনার হাতেই নিরাপদ। জনগণ তাঁর পাশে থেকে আবারও তাঁকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আজকে আমাদের যে উন্নয়ন-অগ্রগতি, আমরা আরও ভালো থাকতে চাই। বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই তা সম্ভব। এটি জনগণ জানেন। কাজেই বিএনপি অর্থাৎ যারা গণতন্ত্র এবং মানুষ হত্যাকারী, তাদের হাঁকডাক এই পর্যায়ে থাকবে।
মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওরা (বিএনপি) অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ঈদের পর আন্দোলন করছে। সেটা এ বছর নাকি কোন ঈদের পর করবে, সেটা অবশ্য জানি না। আমরা তো জানি আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। সে কারণে বিএনপির যে কোনো আন্দোলনই শুধুমাত্র হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।
দীপু মনি বলেন, যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ নয়, ছিলও না। কাজেই তারা আজকে গণতন্ত্রের জন্য যতই মায়াকান্না করুক, দেশবাসী জানে গণতন্ত্র আসলে কার হাতে নিরাপদ।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস-চেয়ারম্যান মো. আইয়ুব আলী ব্যাপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এদিন সকালে দীপু মনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এম জি