
রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনের লেকে সাঁতার কাটতে নেমে মো. হামজা (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
মো. হামজা পরিবারের সঙ্গে রাজধানীর রুপনগর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আজ সকালে জাতীয় বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামেন। কিন্তু ভাতিজা হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যায়৷ পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।
এত সকালে কীভাবে তারা গার্ডেনে প্রবেশ করলো জানতে চাইলে ওসি বলেন, হামজা রুপনগর এলাকায় থাকতেন। বোটানিক্যাল গার্ডেনের পেছনের দিকে একটা গেট আছে। তারা সেই গেট দিয়ে প্রবেশ করে। পরে লেকে সাঁতার কাটতে নামেন। আশপাশের এলাকার অনেকেই এখানে সাঁতার কাটেন। গত বছরও এভাবে একজন মারা গেছে।
হামজার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।
এম জি