দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় ঢেপা নদীতে গোসল করতে নেমে একজন কুরআনে হাফেজসহ নিখোঁজ হয়েছেন ২ কিশোর। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আজ রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কান্তনগর ব্রিজের ৫০০ মিটার উত্তরে ঢেপা নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হন তারা।
নিখোঁজ দুই তরুণ হলেন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের হাফেজ ইব্রাহীম (১৫) ও কাহারোল উপজেলার দীপনগর গ্রামের মিম (১৬)।
এ বিষয়ে স্থানীয় যুবক সোহেল রানা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ছয় কিশোর একসাথে ঢেপা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ইব্রাহীম ও মিম তলিয়ে যান। তাদের তলিয়ে যেতে দেখে অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন নদীতে উদ্ধার কাজ চালায়। খবর পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন জানান, এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।
এনজে