
মেট্রোরেল চলাচলের সময় ৮ জুলাই থেকে রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না। শুধুমাত্র এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।
প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।
২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।
এম জি