
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিনি বাকৃবির ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার (১২ জুলাই) শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক এমদাদুল হক চার বছরের জন্যে নিয়োগপ্রাপ্ত হবেন। উপাচার্য হিসেবে তাকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।
অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও বিশ্ব ভেটেরিনারি ও পোল্ট্রি সমিতির সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।
এর আগে তিনি বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক, প্যাথলজি বিভাগের প্রধান, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক, নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন।
এএ