
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদে এই বিবৃতি প্রদান করা হয়।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাগাতার গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা।
তিনি বলেন, দেশে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ শাসন ব্যবস্থাকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে তার দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনির প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগ-মাধ্যমে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস পরিচালনা করছে; সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। এ ধরনের কুৎসিত ও রুচিহীন গুজব সন্ত্রাস কেবল রাজনৈতিকভাবে দেউলিয়া ও বিকারগ্রস্ত বিএনপির পক্ষেই সম্ভব।
তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধানসম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। কোনও প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না। নির্বাচন ভণ্ডুলের কোনো অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।
এম জি