
ময়মনসিংহের ভালুকায় পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন- বালিয়াগাড়া গ্রামের আয়নল হক (৫৫) ও তার নাতি হাবিবুর রহমান (১০)।
ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় হাবিবুর। পরে ফিরে আসতে দেরি হওয়ায় নানা আয়নল হক তাকে খুঁজতে যায়। বেলা তিনটার দিকে নাতিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করতে যান তিনি। এ সময় তিনি নিজেও পুকুরে ডুবে যান। পরে পরিবারের লোকজন তাদের দুইজনকে খোঁজাখুঁজির একপর্যায়ে মৃত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই দুজনের পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এম জি