
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে অান্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এ সময় বহিরাগতরা হামলা চালিয়েছে বলে নার্সরা অভিযোগ করেছেন।
কয়েক দিন ধরে আন্দোলনরত বেকার নার্সরা বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে রাতে তাদের তুলতে যায় পুলিশ। এ সময় পুলিশ ও নার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে আন্দোলনকারী নার্সদের দাবি, সাদাপোশাকধারী একদল যুবক ওই সময় লাঠি ও গাছের ডাল দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন নার্স আহত হয়েছেন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হুসাইন রাইজিংবিডিকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমরা মন্ত্রীর বাসার সামনে অবস্থান করছিলাম। বিনা কারণে পুলিশ লাঠি ও জলকামান নিয়ে নার্সদের ওপর চড়াও হয়। পুলিশের সঙ্গে বহিরাগতরাও হামলা করেছে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে পুলিশের দাবি, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সেলিম হোসেন রাইজিংবিডিকে বলেন, সংঘর্ষের সময় বাইরের কেউ ছিল কি না, তা জানা নেই। তবে নার্সরা এ বিষয়ে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করা হবে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের নিয়মে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) ব্যানারে নার্সরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন।