
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর (৫৫) নামে স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার আকিজ জুট মিল-সংলগ্ন অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাসুদেব খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকিজ জুট মিল সংলগ্ন অরক্ষিত রেলক্রসিং পাড় হওয়ার সময় যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাফুজুর রহমান সবুজ জানান, ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী নওয়াপাড়া রেলস্টেশনের উপপরিদর্শক (এসআই) সোহাগ কুমার জানান, যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে নেওয়া হয়েছে।
এম জি