
নতুন মূল্য সংযোজন কর-ভ্যাট আইন বাস্তবায়ন থেকে পিছু হটে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রেখেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা বাড়ানোর কথা জানান। সরকার নতুন অর্থ বছর থেকে পণ্য ও সেবা বিক্রির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের পরিকল্পনা করেছিল। এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে আন্দোলনের হুমকি দিয়েছিল ব্যবসায়ীরা। অবশেষে ব্যবসায়ীদের দাবির মুখে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন এক বছর পিছিয়ে দিল সরকার।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, মূল সংযোজন কর আইনটি অনেক পরীক্ষা নিরীক্ষার পর ২০১২ সালে গৃহীত হয়। নতুন ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ার প্রতি স্তরে মূল্য সংযোজন কর প্রযোজ্য করার স্বার্থে উৎপাদনকারী ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের যথাযথ হিসাব রাখার ব্যবস্থাটি অত্য্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে যে, এজন্য প্রস্তুতি এখন পর্যন্ত যথাযথ নয়। এ পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০১২ সালে প্রণীত মূল্য সংযোজন কর আইন ২০১৬-১৭ অর্থবছরেও পুরাপুরি কার্যকর হবে না। এটি জুলাই ২০১৭ সাল থেকে পুরোপুরি কার্যকর হবে।
উল্লেখ্য, নতুন অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। যার মধ্যে ভ্যাট থেকেই ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা আদায়ের প্রস্তাব করা হয়েছে। ভ্যাটের এই অংক বিদায়ী অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। রাজস্ব আদায়ের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা, যার মধ্যে ভ্যাট থেকেই ৩৬ দশমিক ৫ শতাংশ পাওয়ার আশা করা হলেও কার্যত তা হয়নি। ফলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৬ হাজার ৩৭০ কোটি টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস