
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে ৯ জন মাদ্রাসার শিক্ষার্থী গুরুত্ব আহত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
আহতরা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা হলো আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।
মাদ্রাসাটির সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাদ্রাসার ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় ৮ থেকে ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।
রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯ জন মাদ্রাসার শিক্ষার্থী হাসপাতালে আসলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। এই ৯ জনের মধ্যে দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রেখেছি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুপুরের দিকে হঠাৎ বজ্রপাতে মাদ্রাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এমজি