
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) কুমিরা নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বিদ্যুৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, এনায়েত চৌধুরী (২২) ও আলী হাসান মারুফ (২৩)। তারা চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, সোমবার বিকেলে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। এ সময় তিনজনই সাঁতার কাটতে সমুদ্রে নামেন। পরে মারুফ ও এনায়েত স্রোতের টানে সাগরে ভেসে যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। পরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফিরে যান ফায়ার সার্ভিস।
এদিকে রাত ১০টার দিকে সৈকতে ভেসে আসা মরদেহ দুটি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দেন। এ সময় সদরঘাট নৌপুলিশের কুমিরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী জানান, আমরা সন্ধ্যা ৭টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় কাজে সমস্যা হচ্ছিল, তাই রাত সাড়ে ৮টার দিকে আমরা ফিরে আসি। পরে রাত ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি সৈকতে ভেসে আসার কথা জানালে আমরা পুলিশকে জানানোর কথা বলেছি।
কুমিরা নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বিদ্যুৎ কুমার জানান, সোমবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
এম জি