
লক্ষ্মীপুরের সদর উপজেলায় যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড ও ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুলাই) দুপুরে আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আমিনা পারভিন এ রায় দেন। এ সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মধু, মো. মামুন, বাবু ওরফে গলাকাটা বাবু, মো. শামীম, কাউছার ওরফে ছোট কাউছার।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর আলম, নেহাল, মো. বোরহান, মো. তুহিন, জাকির হোসেন, সোহরাব হোসেন, বাছির আহাম্মদ, মো. মিজান, আলমগীর হোসেন, কছির আহম্মেদ, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, তারেক আজিজ সুজন, মো. টিপন ওরফে জাহাঙ্গীর আলম। খালাসপ্রাপ্তরা হলেন, সোহেল ও গোলাম রাব্বি।
নিহত ব্যক্তি উপজেলা উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ মে রাতে মামুনুর রশিদ মোটরসাইকেলে সঙ্গী ওমর ফারুককে নিয়ে দেলিয়াই বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় আমানি লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের গতি রোধ করে। পরে সঙ্গী ওমর ফারুক পালাতে পারলেও সন্ত্রাসীদের গুলিতে মামুনুর নিহত হন।
অ্যাড. জসিম উদ্দিন জানান, এ ঘটনার পরদিন নিহতের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত বেলা ১১টায় এ রায় দেন। তবে এ মামলায় দুজনকে খালাস দিয়েছেন আদালত।
এম জি