
আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের সাধারণ ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়েনি। চলতি অর্থবছরের ন্যায় এ বছরের বাজেটেও সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা প্রস্তাব করা হয়েছে আড়াই লাখ টাকা। এছাড়া প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করহার ৩ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ আয়কর বহাল রাখার প্রস্তাব করেন।
বাজেট বক্তৃতা অনুযায়ী, সাধারণ করদাতার শ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা; প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা ও মুক্তিযোদ্ধাদের জন্য তা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ঢাকার দুটি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৫ হাজার, অন্যান্য সিটি কর্পোরেশনে ৪ হাজার ছাড়া জেলা, পৌরসভা ও অন্যান্য এলাকার কোম্পানি করদাতা ব্যতীত করদাতাদের ন্যূনতম ৩ হাজার হাজার টাকা কর দিতে হবে।
অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এলাকা ভেদে যে ন্যূনতম করের ভিন্নতা ছিল আগামী অর্থবছরের জন্যেও তা বহাল রাখার প্রস্তাব হয়েছে। উল্লেখ্য, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছিল। সাধারণ ব্যক্তি শ্রেণির ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়।