
নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর পরিচালনা পর্ষদে ২০২৩-২৫ মেয়াদে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান এমপি। এ নিয়ে টানা সপ্তম মেয়াদে তিনি বিকেএমইএর সভাপতি নির্বাচিত হলেন। বুধবার (২৬ জুলাই) বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ হাতেম সংগঠনটির নির্বাহী সভাপতি এবং মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুলাই মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সেলিম ওসমান এমপির নেতৃত্বে বিকেএমইএ পরিচালনা পর্ষদের নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা। নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ে। এ কারণে বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচনের প্রয়োজন হয় নি।
পর্ষদে ২৫ জন পরিচালকের মধ্যে ২৪ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, আশিকুর রহমান, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান, মে মিনহাজুল হক, ফওজুল ইমরান খান, খোরশেদ আহমেদ তুনিম। বাকি এক জনের নাম বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরবর্তীতে ঘোষণা করা হবে। এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এএ