
বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনেই হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারা দেশের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, আজকে আমাদের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়া হচ্ছে। হাতের কব্জি কেটে নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মীকে ক্ষমতাসীনরা আক্রমণ চালাচ্ছে। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কোনো ধরনের সহিংসতায় আমরা বিশ্বাস করি না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফলে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বিনা কারণে শুধু ভয়ের আতংক ছড়াতে সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন ততই কিন্তু আন্দোলন বেগবান হবে। আপনারা যাদের গ্রেপ্তার করেছেন আমি তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ডা. মো. রফিকুল ইসলাম, নাজিমউদ্দিন আলম, খান রবিউল ইসলাম রবি প্রমুখ।
এম জি