প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ উদ্বোধন করেছেন। আজ শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টার পর ‘স্মৃতি চিরঞ্জীব’ নামের এ স্তম্ভের উদ্বোধন করেন তিনি।
এদিন সুপ্রিম কোর্টের রেকর্ড রুম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধকালীন সুপ্রিম কোর্টে জাতির পিতা ও বিভিন্ন বিষয়ের ওপর তথ্যচিত্র।
অনুষ্ঠানে সরকারের একাধিক মন্ত্রী, প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
স্মারকসৌধ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি আছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, স্তম্ভটির নির্মাণকাজ শেষ করে কারুকাজ ও রং লাগিয়ে উদ্বোধনের উপযোগী করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চলছিল এ প্রস্তুতি। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বৈঠক হয়েছে। সার্বিক নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এরই অংশ হিসেবে আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুপ্রিম কোর্টের মূল ভবন ও আপিল বিভাগের ওপরে বড়ে মিনারেও রং করা হয়।
এনজে