
ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ওপর অনাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমাদের সামনে একটি লক্ষ্য, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই।
পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের সেবার জন্য শপথ নিয়েছেন। জনগণকে হয়রানি করবেন না। মিথ্যা মামলা ও গ্রেফতার বন্ধ করুন। আমাদের কর্মসূচি আমাদেরকে সুন্দরভাবে পালন করতে দিন।
তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি। এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা (আওয়ামী লীগ) বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম ৮০-৯০ টাকা। ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু এখন ২০ লাখ টাকা ঘুস না দিলে চাকরি হয় না। আবার আওয়ামী লীগ না করলে চাকরি হয় না। আমাদের দেশের মানুষ কষ্ট করে ডলার অর্জন করে রিজার্ভ বাড়ায়। আর এরা বিদেশে তা পাচার করে। এ সরকার মানবাধিকারের সরকার নয়। এরা অমানবিক সরকার।
এর আগে শুক্রবার (২৮ জুলাই) দুপুরে জুমার নামাজের পর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এএ