
তারেক রহমানকে ‘চোর’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারেক জিয়া চোর হ্যায়, গালি গালি মে শ্যোর হ্যা’। তিনি বলেন, যতদিন শেখ হাসিনা গণভবনে থাকবে তারেক রহমান কিছু করতে পারবে না। অর্থপাচারকারী, চোরকে কেউ বিশ্বাস করে না। বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। এই এক দফা কোনোদিন ক্ষমতার স্বাদ পূর্ণ করতে পারবে না।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ও ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে তারেকের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। ভোট ডাকাতির বিরুদ্ধে খেলা হবে। এক দফার বিরুদ্ধে খেলা হবে। বিএনপির এক দফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে।
তিনি বলেন, গণভবন নাকি ছেড়ে দিতে হবে। যতদিন জনগণ চাইবে, ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন। করোর চোখ রাঙানির পরোয়া বঙ্গবন্ধুকন্যা করেন না। তারেক রহমান কিছুই করতে পারবে না।
সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছে, আর এখানে লাফালাফি করছেন মির্জা ফখরুল-আমির খসরুরা। লন্ডনে বসে পুলিশ, প্রশাসনকে ধমক দিচ্ছে। ফখরুলকে বলেছে টাকার অভাব হবে না। তারেক রহমান এত টাকা পেল কোথায়।
তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে।
বিএনপির উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করতে আসবেন না। দেশি-বিদেশি যারা চোখ রাঙাচ্ছেন তাদের বলে দিতে চাই, আমাদের শিকড় অনেক গভীরে। আমাদের চোখ রাঙিয়ে লাভ হবে না। করোর চোখ রাঙানির পরোয়া বঙ্গবন্ধুকন্যা করেন না।
এর আগে বিকেল সোয়া তিনটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
এতে সভাপতিত্বে করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু যৌথভাবে সঞ্চালনা করছেন।
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এএ