
মামলা নিষ্পত্তির হার বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে জুন মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিটি সড়ক দুর্ঘটনা রেকর্ডে নিতে হবে। কিশোররা যেন গ্যাংয়ের নামে অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
কিশোর অপরাধ দমনে প্রোঅ্যাকটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন মো. আতিকুল ইসলাম। তিনি গুরুত্বপূর্ণ মামলা একটি টিমের মাধ্যমে তদন্ত করার নির্দেশনা দেন।
সভায় জুন মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি— ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।
সভায় পুলিশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে উপস্থিত ছিলেন ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এএ