
কুমিল্লার লাকসামে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শরীফুর রহমান খন্দকার (৬০) নামে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ।
অভিযুক্ত শরীফুর রহমান উপজেলার খন্দকার আজগরা ইউনিয়নের বড়বাম এলাকার বড়বাম মদিনাতুল উলুম জামিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক ও শিক্ষক।
ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, স্থানীয় বড়বাম মদিনাতুল উলুম জামিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় গত তিন বছর ধরে ওই ছাত্র পড়ালেখা করছে। ওই ছাত্রকে শরীফুর রহমান প্রতিদিন সন্ধ্যায় তার মোটরসাইকেলযোগে লাকসাম বাইপাস খন্দকার মার্কেটের চারতলার নিজ রুমে নিয়ে যেতেন। পরে পাশবিক নির্যাতন চালাতেন।
প্রতিদিনের মতো গত ২২ জুলাই সন্ধ্যায় ওই শিশুকে সেখানে নিয়ে আবারও বলাৎকার করেন। পরে শিশুটি বাড়িতে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে লাকসাম থানায় মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শরীফুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এএ