
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় দুষ্কৃতিকারী আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শনিবার (৫ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
শেখ সেলিম বলেন, প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে দুষ্কৃতিকারী আছে। আমার কাছে প্রমাণ আছে, কিন্তু বলছি না। প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। আরো সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বাঙালির চেয়ে বিশ্বাসঘাতক আর কোনো জাতি হতে পারে না। ডালিম বঙ্গবন্ধুর স্ত্রীকে মা ডেকেছে। এই ষড়যন্ত্র দীর্ঘ মেয়াদী ষড়যন্ত্র। হুদা কামালকে প্রথম গুলি করেছে।
আওয়ামী লীগের ভেতরে এখনো ষড়যন্ত্রের বিষ আছে দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান।
শেখ সেলিম বলেন, বাঙালিরা বড় পরশ্রীকাতর। জিয়া মোস্তাক এক চক্রের লোক। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সেনাবাহিনীর উপরস্থ সবাই জড়িত। তা নাহলে ২০০ আর্মির কাছে দেড় লাখ আর্মি আত্মসমর্পণ করতো না। বাঙালির বংশ অবিশ্বাসীর বংশ।
এখনো সেই ষড়যন্ত্রকারীরা বিশ্বের বিভিন্ন দেশে আছে। এখন মানবতার কথা বলে। এই ষড়যন্ত্র যারা করছে টাকাটা আসে কোথা থেকে? বেশি খেললে ফাউল বেশি হয়। ফাউলে আউট হয়ে যাবে।' বলেন শেখ সেলিম।
ভোগ ছেড়ে ত্যাগের দিকে আসার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দরকার ঐক্য। মুখ দেখে কমিটি না করে আনুগত্য ও অতীত দেখে করা উচিত। কমিটি করতে টাকা লেনদেন হতে পারবে না।
এএ