
আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের মানুষ, প্রকৃত মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করবেন। চোর-বাটপাররা আর দেশ পরিচালনা করতে পারবে না।
মঙ্গলবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানের আমলে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। তার বাড়ি ফিরিয়ে দেওয়াসহ অনেক সহযোগিতা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই প্রতিদান দিলেন জিয়া পরিবারের ওপর নির্যাতন করে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর নামে দুই লাখ মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ হামলা-মামলা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়।
দুদু বলেন, বর্তমান পরিস্থিতি জেনেই শেখ হাসিনা প্রশাসনকে বলেছেন, আপনারা ভয় পাবেন না। এখন প্রশ্ন হলো, যদি গণতন্ত্র হরণ না করে এবং জনগণের ক্ষতি না করে তাহলে কেন ভয় পাবে।
প্রতিবাদ সভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফোরকানী আলম, অ্যাডভোকেট আবেদ রেজা, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এম জি