
চলতি বছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে আগামী ৪ আগস্ট। এক টানা ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার দুপুরে বিমান মন্ত্রণালয়ে হজ ফ্লাইট নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রাশেদ খান মেনন বলেন, মক্কা ও মদিনায় হজ কার্যক্রম শেষে ১৭ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট চালু হবে। চলতি বছর প্রত্যেক হজযাত্রী সর্বোচ্চ ৪৬ কেজি ওজনের মালামাল বহন করতে পারবেন। এছাড়া বাংলাদেশ বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হাজিকে ১০ লিটার করে জমজম কূপের পানি দেওয়া হবে। গত বছর প্রত্যেক হজযাত্রী সর্বোচ্চ ৩০ কেজি মালামাল বহন করতে পারতেন।মন্ত্রী জানান, চলতি বছরে বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন ব্যক্তি হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে বাংলাদেশের হজযাত্রীদের পরিবহন করবে। আগামী ৪ আগস্ট বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হজ পরিবহনে অন্যান্য বারের মতো এবার কোনো সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমানমন্ত্রী।
পর্যটনমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস