
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুনরায় চালু হয়েছে। তবে এখনও পুরোটা সচল হয়নি।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রায় ৩২ ঘণ্টা পর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারের পরিষেবা চালু হয়েছে। হ্যাকিং রোধে সার্ভারটির কার্যক্রম বন্ধ ছিল।
বুধবার সকাল থেকে বন্ধ পাওয়া যায় এনআইডি সার্ভারের সেবা। দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কয়েক ঘণ্টা এই সেবা বন্ধ থাকায় এনআইডি সংশোধন করতে এসে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এদিকে ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণে দেশে ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস, ডিজিএইচএস। সে হামলা থেকে বাঁচতে বন্ধ করে দেয়া হয় জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সার্ভার।
সাইবার হামলায় প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীদের তথ্য থাকায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি'র ওয়েবসাইট হ্যাকিং উল্লেখযোগ্যভাবে বড়। এতে সরকারি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের নাম, ঠিকানা ও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আর ডিজিএইচএস এর ফাঁস হওয়া তথ্যে সরকারি হাসপাতাল থেকে রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডের ডেটা দখল করেছে তারা। হ্যাকাররা, ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করে।
এম জি