
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ির চাপায় নিহত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার মোহাম্মদ সাদ্দাম হোসেন।
বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দামের বাড়ি জামালপুরের বক্সিগঞ্জে।
বিমান সূত্রে জানা যায়, বুধবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় ডিউটিরত অবস্থায় তাকে ধাক্কা দেয় পদ্মা অয়েল কোম্পানির বাউজার। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার উইমেন’স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, চালকসহ পদ্মা ওয়েলের গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন।
এম জি