
মাথা থেকে তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নইলে বিএনপির আম, ছালা দুটোই যাবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মুখে গালি আর স্লোগান দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছে? ১৫ বছর আগের বাংলাদেশ আজকের বাংলাদেশ। অন্ধকার থেকে আলোকিত করেছেন আজকের শেখ হাসিনা। এখানে মানুষ অভাব অনটনে থাকত, এখানকার মানুষ অন্ধকারে থাকত, সেই বাংলাদেশকে আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করেছে।
তিনি বলেন, প্রতিদিনই এক কথা, এক বুলি তত্ত্বাবধায়ক সরকার। আমি বিএনপি নেতাদের বলি, পৃথিবীতে এখন একটা দেশ আছে, সেই দেশে তত্ত্বাবধায়ক আছে, আমি ফখরুল সাহেবকে বলি, দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। সেখানে তত্ত্বাবধায়ক পাবেন। আর দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়কের হদিস নেই।
কাদের বলেন, শেখ হাসিনার শিকড় বাংলার মাটির অনেক গভীরে। আল্লাহ যাকে রাখবে বান্দা তাকে মারতে পারে না। শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, সরকারের উন্নয়ন ব্যরথ করতে ষড়যন্ত্র চলছে। জঙ্গিদের শেকড় এদেশ থেকে উৎখাত করা হবে বলেও জানান। তারা বলেন, একুশে আগস্টের ঘটনা, সিরিজ বোমা হামলায় সব হামলার সাথে বিএনপি জামায়াত জড়িত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেএমবিকে দিয়ে সিরিজ বোমা হামলা করিয়েছিল তারেক রহমান। বিএনপি এখনো সন্ত্রাসের রাজনীতি করছে। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে শেখ হাসিনা চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এএ