
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গেলো ১৪ বছরে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো।
শুক্রবার (১৮ আগস্ট) কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো (নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২)-এর সম্মানে নিউ ইয়র্কে মোর্শেদ আলমের নেতৃত্বে বাংলাদেশি আমেরিকান প্রবাসীদের একটি শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অ্যান্ড্রু গারবারিনো বলেন, বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য অনুসরণীয় হতে পারে। বালাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমরা জানি, আগামী জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী প্রক্রিয়াটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে করে তারা দেশকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।
কংগ্রেসম্যান আরও বলেন, আমি আশা করি অর্থনীতিতে বাংলাদেশ যে প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে, জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তার যে ভূমিকা তা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় হবে।
সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায়ও বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এএ