
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৪ জন। সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে বসতঘর থেকে বের হতে পারেননি জেসমিন আক্তার (৩০) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।
এ ঘটনায় অন্য আহতরা হলেন, জেসমিন আক্তারের স্বামী ইয়াকুব মিয়া, শাশুড়ি এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ। আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ৪ জন আহত হন।
এলাকাবাসী জানায়, অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এম জি