
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার রুলের চূড়ান্ত শুনানির জন্য ২৩ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম ও অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে হাইকোর্টের একই বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। শুনানির একপর্যায়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল হয়।
রিটকারীর পক্ষ থেকে জানানো হয়, রুলের শুনানির জন্য তারেক রহমানের গুলশানের বাসার গেটে নোটিশ সাঁটানো হয়েছে। এ ছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এ সময় আদালত জানতে চান সুপ্রিম কোর্টের বোর্ডে নোটিশ টাঙানো হয়েছে কি না।
শুনানির একপর্যায়ে বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল শুনানির সময় পিছিয়ে আগামীকাল (বুধবার) ধার্য করার কথা বলেন। এ সময় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কায়সার কামালকে উদ্দেশ্য করে বলেন, শুনানি কখন হবে সেটা আপনি বলার কে? এ সময় কোর্টে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা হইচই করে ওঠেন। এরপর দুই পক্ষের আইনজীবীরাই তর্ক-বিতর্ক ও হইচই শুরু করেন। পরে আদালত দুপুরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান।
এম জি