
সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় আজিমপুর-সায়েন্সল্যাব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে থেকে মিছিল নিয়ে গিয়ে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন।
এক দফা দাবিটি হলো- সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। সাত কলেজের সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয় বিবেচনা না করেই সিজিপিএ পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা শুরু থেকেই বিষয়টি সংশোধনের দাবি জানিয়ে আসছি। দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও এ ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি।
তারা আরও বলেন, সাত কলেজের কোনো অভিভাবক নেই। শিক্ষকরা আমাদের পক্ষে কথা বলেন না। এত সংকট নিয়ে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবি অবিলম্বে সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
এম জি