
দৈনিক আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদার মারা গেছেন। একই সঙ্গে তিনি ইংরেজি দৈনিক বিজনেস পোস্টেরও প্রকাশক ছিলেন।
মঙ্গলবার (২২ আগস্ট) ভোর চারটার দিকে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তাপস মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে শ্রীলা মজুমদার বলেন, আগে থেকেই বাবা অসুস্থ ছিলেন। তবে সোমবার রাত ১২টা থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত দুইটার পর অবস্থা বেশি খারাপ হলে আমরা তাকে হাসপাতালে নেই। সেখানে চিকিৎসক জানান, বাবা আর নেই। আমরা ধারণা করছি, বাবা বাসাতেই মারা যান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. বকস কল্লোলের মৃত্যুর পর চলতি বছরের ১১ জুলাই দৈনিক আমাদের সময়ের প্রকাশক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডভোকেট তাপস মজুমদার।
আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ইউনিক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাপস মজুমদার। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
এম জি