
ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ৬টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের নাম ঘোষণা করেছেন।
তিনি জানান, আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতি নিয়ে গঠিত ব্রিকস। এই পাঁচ সদস্য বুধবার শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্লকটির সম্প্রসারণে রাজি হয়।
এর আগেও একবার ব্রিকসের সম্প্রসারণ হয়েছিল। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন মিলে ২০০৯ সালে ব্লকটি গঠন করে। পরের বছর এতে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করা হয়েছিল।
ব্রিকস ব্লক বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশকে প্রতিনিধিত্ব করে; যারা বৈশ্বিক জিডিপিতে এক চতুর্থাংশেরও বেশি অবদান রাখেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণার সময় রামাফোসার পাশে ছিলেন। ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশ নেননি। তার প্রতিনিধিত্ব করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সূত্র: এপি