
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট শাখার নেতাকর্মীরা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আমচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাইব্রেরীর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডী বলেন, ‘হলে ছিট দখলকে কেন্দ্র করে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীদের উপর সরকার দলীয় ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা জানাই। সাথে এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের জোর দাবি জানাচ্ছি।
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি মিনহাজুল আবেদিন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য লিটন দাশ।
বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের কক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১০ দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে বিপ্লবী ছাত্রমৈত্রীর এক নেতা ও দুই কর্মীকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। মারধরের শিকার হন, বিপ্লবী ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ, দুই কর্মী বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনির এবং পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মিলন।