
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার জোহানেসবার্গের জরুরি সেবা বিভাগের মুখপাত্র রবার্ট মুলাজি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, শহরের একটি বহুতল ভবনের অধিকাংশই আগুনে পুড়ে গিয়েছে। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ায়।
পরে মুলাজি নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানান। এ সময় তিনি জানান, আরও অন্তত ৪৭ জন গুরুতর আহত হয়েছেন।
জোহানেসবার্গ সিটি করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে বলেছে, শহরের ডেলভারস অ্যান্ড আলবার্ট স্ট্রিটের সিবিডি কর্নার নামে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। শহরের উদ্ধারকারী বাহিনী এবং অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা এখনো আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ভবনটির নিচ তলা কমলা রঙের শিখায় ভরে গিয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ভবন ধোঁয়ায় পরিপূর্ণ। ভবনটির চারপাশে বিপুলসংখ্যক লোক ছোটাছুটি করছেন।
এম জি