
পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন দৈনিকের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে মঞ্চে ইফতার করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. এমাজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার রফিকুল হক, এম আজিজুল হক, খন্দকার মাহবুব হোসেন, ড. মাহবুব উল্লাহ, ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, মেজর জেনারেল (অব.) আইন উদ্দিন, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম, জেডএন তাহমিদা, আফম ইউসুফ হায়দার, ড. সদরুল আমিন, গাজী মাজহারুল ইসলাম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আ ন হ আখতার হোসেন ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব আবদুল হালিম।
সম্পাদকদের মধ্যে ছিলেন নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, সংগ্রামের আবুল আসাদ, ইনকিলাবের এমএম বাহাউদ্দিন, দিনকালের ড. রেজওয়ান সিদ্দিকী। পেশাজীবী সংগঠনের মধ্যে ছিলেন রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, এম আব্দুল্লাহ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ইফতারের সাত মিনিট আগে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান খালেদা জিয়া। পরে তিনি বেশ কয়েকটি টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সানবিডি/ঢাকা/আহো