
যশোরের ঝিকরগাছায় ‘গণপিটুনিতে’ অজ্ঞাত তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঝিকরগাছার কৃষ্ণনগর কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, কালো হাফ প্যান্ট বাহিনীর সদস্যরা ডাকাতির জন্য ওই এলাকায় হানা দেয়। এসময় স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের সকলের বয়স ৩০ থেকে ৩৫ বছর।
খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কালো হাফ প্যান্ট বাহিনীর ডাকাত সদস্যরা কৃষ্ণনগর কাটাখার এলাকায় হানা দেয়। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তিন ডাকাত সদস্য ধরা পড়ে। স্থানীয় জনতার গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন।
তিনি জানান, ভোর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ওসি আরও বলেন, সম্প্রতি ঝিকরগাছায় কালো হাফ প্যান্ট বাহিনীর অত্যাচার বেড়ে গেছে।
উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে অভিযানকালে ডাকাতদের ছুরিকাঘাতে এএসআই তৌহিদুল ইসলাম আহত হন। এ ঘটনার পর ওয়াপদা জেলেপাড়ায় পুলিশ ও সাদা পোশাকের একদল মানুষ ব্যাপক তাণ্ডব চালায়।
সানবিডি/ঢাকা/এসএস