
টানা দরপতনে যেন গতিহীন হয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। সূচক ও লেনদেন কোনভাবেই যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। একদিন সূচক সামান্য বাড়লেও পরের দিনই আবার নিচে নেমে যাচ্ছে। লেনদেনেও রয়েছে একই চিত্র। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এই হিসেবে ডিএসইতে ৭০ লাখ টাকার বা দশমিক ২ শতাংশ লেনদেন বেড়েছে।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১০ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।