
২০১৮ সাল নাগাদ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদেস্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। আমারা আশা করি ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
আওয়ামী লীগ সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ফলেই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা-বরিশাল সড়ক চারলেনে উন্নীতকরণের জন্য এডিবির অর্থায়নের ফিজিবিলিটি স্ট্যাডি ও ডিটেইলড ডিজাইন সমাপ্ত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ঢাকা-খুলনা (এন-৫) মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেনসহ ৪-লেন উন্নীতকরণের লক্ষ্যে একটি প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। এ প্রকল্প দু’টি বাস্তবায়িত হলে ঢাকা বরিশালসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সহজতর হবে।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকারের বর্তমান প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দক্ষিণাঞ্চলের উন্নয়নে পদ্মা সেতু, রেল যোগাযোগ ও পায়রা গভীর সমুদ্র বন্দরসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কার্যক্রম আমরা গ্রহণ করেছি। বিভিন্ন খাতে গৃহীত উল্লেখযোগ্য পরিকল্পনাসমূহ এ সংসদে উপস্থাপন করছি।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের যোগাযোগ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্প- জেলা সড়ক উন্নয়ন (বরিশাল জোন), বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর পায়রা সেতু (লেবুখালী সেতু) নির্মাণ, , খুলনা (রূপসা)-শ্রীফলতলা-তেরখাদা সড়ক (জেড-৭০৪১) উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/বাসস/এসএস