
রপ্তানি পণ্যের উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উৎসে করের পরিমাণ দেড় শতাংশের পরিবর্তে ০.৭ শতাংশ করার সুপারিশ করেছেন। সাধারণত বাজেট পাসের আগে সংসদ নেতা তার প্রস্তাব দিয়ে থাকেন এবং অর্থমন্ত্রী সে প্রস্তাব গ্রহণ করেন। এবারও তাই করেছেন।
বুধবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তার প্রস্তাব রাখেন।
বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাকের উৎসে কর কমানোর জন্য পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। রপ্তানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে তাদের অনুরোধ বিবেচনা করে শূন্য দশমিক ৭ শতাংশ উৎসে কর কর্তনের প্রস্তাব করছি।’
এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সমাপনী বক্তব্য দিতে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রস্তাব করেছেন। তার এই প্রস্তাবকে আমি অনুশাসন মনে করি, কারণ আমি তার হয়েই কাজ করি। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, ‘তার সব প্রস্তাবই গ্রহণ হয়ে গেছে।’
গত ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক রফতানিতে উৎসে কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়।
অবশেষে প্রধামন্ত্রী শেখ হাসিনার সুপারিশে উৎসে কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭ শতাংশ করা হলো।
সানবিডি/ঢাকা/এসএস