
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময় অনুযায়ী ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগে ১ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ জুন) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট www.ntrca.gov.bd ও ngi.teletalk.com.bd অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে।
শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে প্রাপ্ত চাহিদার জেলাভিত্তিক ও বিভাগীয় শহরের একীভূত তালিকা এনটিআরসি’র ওয়েবসাইট ছাড়াও অ্যাপে প্রকাশ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনটিআরসি মাধ্যমে নিয়োগের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ৬ থেকে ২৫ জুন নিজ প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষকের চাহিদা জানায়।
গত বছরের ২১ অক্টোবর ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’ সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ১১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এরপর গত ৩০ ডিসেম্বর সংশোধিত বিধিমালা অনুযায়ী নতুন নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে এনটিআরসি’র মাধ্যমে শিক্ষক নিয়োগে নতুন নিয়মের পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। নতুন এ ব্যবস্থায় শিক্ষক নিয়োগের ক্ষমতা হারায় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি।
সানবিডি/ঢাকা/আহো