
মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরো চার-পাঁচজন। নিহত সেনাসদস্য হলেন মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের আওনাড়া গ্রামের আকবর শেখ (৬৫)। তার বাবার নাম মৃত ইব্রাহিম শেখ।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দুগ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত ও আরো চার-পাঁচজন আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ রেয়াজুল ইসলাম জানান, দীঘা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান ও একই ইউনিয়নের সদস্য জাফর মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে আওয়ামী লীগ সমর্থিত দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হন।
এদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আকবর শেখকে আহত অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মকসুদুল মোমিন তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন।
সানবিডি/ঢাকা/আহো