
গুলশানের রেস্তোরাঁয় শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় ২০ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে ৯ জন ইতালি, ৭ জন জাপানি, তিনজন বাংলাদেশি আর একজন ভারতীয় নাগরিক। তবে তিনজন বাংলাদেশি নিহত হওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের তরফে এখনও কিছু না বলা হলেও নিহতদের পরিবার থেকে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। খবর : বিবিসি বাংলা
সামরিক বাহিনীর মুখপত্র আইএসপিআর থেকে বলা হয়েছিলো যে নিহত কুড়িজনের মধ্যে বেশিরভাগই বিদেশি। কয়েকজন বাংলাদেশিও মারা গিয়ে থাকতে পারেন। কর্তৃপক্ষ বলছে, নিহতদের শনাক্ত করার কাজ চলছে।
নিহত তিন বাংলাদেশি হলেন— ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার মালিক লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর।
ফারাজ আইয়াজ হোসেন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতেন। গ্রীষ্মের ছুটিতে তিনি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। আগামী মাসেই তার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিলো। তার পরিবারের সদস্যরা বলেছেন, ফারাজ তার বন্ধুদের সাথে নিয়ে শুক্রবার হলি আর্টিজান বেকারিতে গিয়েছিলেন।