
দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ. মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই। গুলশানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৫ এপ্রিল ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ৫ ও ৬ মে বাংলাদেশ সফর করেছিলেন নিশা দেশাই।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। সেখানে আসা অতিথিদের জিম্মি করে রাখা হয়। পরে সেই রাতেই জিম্মিদের হত্যা করে সন্ত্রাসীরা। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন মার্কিনি এবং দুজন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরের দিন সকালে কমান্ডো বাহিনীর অভিযানে ৬ বন্দুকধারী নিহত হয়। এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।
ঘটনার রাতে সন্ত্রাসীদের ছোঁড়া বোমার আঘাতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। এছাড়া গুলশান থেকে রক্তাক্ত অবস্থায় আটক শাওন নামের এক যুবকও গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।