
শিক্ষার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের ডেকেছে সরকার।
আগামী ২৩ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ওই বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে।
এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষক সমিতির নেতারা ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী বৈঠকের তারিখ নির্ধারণ করেন। বর্তমানে বাংলাদেশে ৩৮টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে এসব তথ্য জানান। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরকার কিছু নির্দেশনা দেবে। একই সঙ্গে সরকার তাদেরও মতামত ও বক্তব্য শুনবে বলেও জানান ওই কর্মকর্তা।
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা সচিব এ এস মাহমুদ ও বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠক শুরুর আগে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর আমরা পাবলিক বিশ্ববিদ্যালগুলোর সঙ্গেও বৈঠক করব।
সন্ত্রাসী হামলার সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকায় ইতিমধ্যে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ বৈঠক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২ জন পুলিশ ছাড়াও ২০ দেশি-বিদেশিকে হত্যা করে। সেনা অভিযানে ৬ সন্ত্রাসীও নিহত হয়।
অপরদিকে ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় একজন সন্ত্রাসীসহ ৪ জন মারা যান।
এ দুটি ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন।
সানবিডি/ঢাকা/আহো