
ফেসবুকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্ট্যাটাসে লাইক দেয়ার অপরাধে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মির্জা রবিউল হাসানসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক সন্দেহভাজন দুই তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া শুরু করেছে খানজাহান আলী থানা পুলিশ।
বুধবার ভোরে মির্জা রবিউল হাসানকে আটক করা হয়। এর আগে মো. আরজ আলী (২৫) নামে এক তরুণকে রাস্তায় ঘুরতে দেখে তাকেও পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এ বিষয়ে খুলনা খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার জানান, কুয়েট বন্ধ থাকাকালে তার সহপাঠীরা বিভিন্ন সময়ে দেখেছে, রবিউল হাসান ফেসবুকে আইএসের বিভিন্ন কর্মকাণ্ডকে লাইক দিয়েছে এবং মন্তব্য করেছে। কিন্তু কুয়েট বন্ধ হয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। মঙ্গলবার রবিউল হাসান ক্যাম্পাসে এলে ভোরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
রবিউল পাবনার দেয়াড়া উপজেলার আমিনপুর এলাকার মির্জা আব্দুর রহমানের ছেলে।
অপরদিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে আটক আরজ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলগ্রামের মৃত মো. আব্দুল মান্নান মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে চলাফেরা করার সময় সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে সম্মান শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন বলে জানান, আটক আরজ আলী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সহ-সভাপতি বলে নিজের পরিচয় দিয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো