চলতি শীত মৌসুমে তাপমাত্রা এখনও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলেও কুয়াশা পরিস্থিতির কারণে সারাদেশেই শীত বেড়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (১ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রোববার (৩১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। রোববার ঢাকার সর্বনিম্ন তাপমাত্র ১৬ ডিগ্রি থাকলেও সোমবার তা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঢাকার আকাশে কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে দেখা মেলে সূর্যের।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান তিনি।
এনজে