আসন্ন সংসদ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে ধারাবাহিক প্রশিক্ষণের শেষ দিনে আজ প্রধান অতিথি ছিলেন তিনি। মো. আনিছুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছন্ন হয়ে যাবে বাংলাদেশ। তাই কোনোভাবেই নির্বাচনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যা করার আপনাদের তাই করতে হবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা সেটি হলো অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দলমতের ঊর্দ্ধে উঠে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটি জোট ও রাজনৈতিক দল নির্বাচনবিরোধী কর্মসূচি পালন করছে। তারা জানিয়েছে, সহিংস কোনো ঘটনা ঘটাবেন না।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান।
এনজে